রেকর্ড গোলের জয়ে শীর্ষে শেখ জামাল
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২২:৪২
শেখ জামাল ধানমন্ডি ক্লাব নিটল টাটা প্রিমিয়ার ফুটবল লিগে সবচেয়ে বড় জয়টি পেয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় দলটি ৮-০ গোলে পরাজিত করেছে উত্তর বারিধারা ক্লাবকে। ম্যাচে হ্যাটট্রিক করেন এমেকা ডার্লিংটন ও ওয়েডসন। এর মধ্যে ডার্লিংটন চার গোল করেন। খেলার শেষ গোলটি করেন অধিনায়ক মামুনুল ইসলাম।
এটি শুধু এবারের লিগেরই বড় ব্যবধানের জয় নয়। এ পর্যন্ত পেশাদার লিগের ম্যাচে বড় জয়। চলতি লিগেই বিজেএমসি ৭-০ গোলে এই উত্তর বারিধারাকেই হারিয়েছিল। এছাড়াও পেশাদার লিগের গেল ছয় আসরে সাতবার ৭-০ ব্যবধানে জয় পরাজয়ের রেকর্ড রয়েছে। এর মধ্যে মোহামেডান এই ব্যবধানে জিতেছে চারবার।
খেলার (৮-০) স্কোর লাইনটা বলে দেয় লিগের দুর্বল দল উত্তর বারিধারা ক্লাবের বিরুদ্ধে জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি শিরোপা প্রত্যাশী শেখ জামালের। আক্রমণ করলেই গোলের দেখা পেয়েছেন শেখ জামালের খেলোয়াড়রা। প্রথমার্ধে ব্যবধান ছিল ৪-০। দ্বিতীয়ার্ধে আসে আরো চার গোল। এই জয়ে শেখ জামাল লিগের প্রথম পর্বে শীর্ষ স্থান নিয়ে শেষ করল। নাইজেরিয়ান এমেকা ডার্লিংটন ৯, ২১, ৩৭ (পেনাল্টি) ও ৫৭ মিনিটে গোল করেন। এবং হাইতির ওয়েডসন ৩৫, ৬৩, ৭৭ মিনিটে হ্যাটট্রিক করেন। ম্যাচের ৮৭ মিনিটে অধিনায়ক মামুনুল ইসলাম করেন শেষ গোলটি। ডার্লিংটন ১১ গোল করে এখন শীর্ষে রয়েছেন। ছয় গোল ওয়েডসনের।
শেখ জামাল আইএফএ শিল্ড থেকে ফেরার পর তাদের অবশিষ্ট তিন ম্যাচের মধ্যে একমাত্র জয়টি পেলো কাল। আগের ম্যাচগুলোয় ড্র করে পয়েন্ট নষ্ট খুইয়েছে দলটি। গতকাল খেলা শেষে ওয়েডসন বলছিলেন, ‘কলকাতায় টার্ফের মাঠে খেলে এসে ঢাকায় ঘাসের মাঠে সমস্যা হচ্ছিল। সেটা কাটিয়ে উঠছি আমরা।’ কোচ আপুসি বলেন, ‘এই জয় আমাদের প্রত্যাশিত ছিল।’ উত্তর বারিধারা ক্লাবের ম্যানেজার হারুনুর রশিদ বলেন, ‘তিন দিন অনুশীলন করে খেলতে নেমেছি। অনেক দিন খেলা বন্ধ ছিল সমস্যা হয়েছে আমাদের। ৮ গোলের হারটায় লজ্জাই লাগছে।’
লিগের প্রথম পর্বের খেলা শেষ হলো। দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে স্বাধীনতা কাপ ফুটবলের পর। এই টুর্নামেন্ট শুরু হবে শনিবার।
প্রথম পর্বের পয়েন্ট টেবিল
শেখ জামাল ৯ ৫ ৩ ০ ২৪/৭ ২১
আবাহনী ৯ ৫ ৪ ০ ৯/২ ১৯
মুক্তিযোদ্ধা ৯ ৪ ৩ ২ ১৫/৯ ১৫
মোহামেডান ৯ ৩ ৫ ১ ১১/৬ ১৪
বিজেএমসি ৯ ৩ ৩ ৩ ১৪/৯ ১২
শেখ রাসেল ৯ ৩ ৩ ৩ ১১/৭ ১২
ব্রাদার্স ৯ ২ ৪ ৩ ৯/১২ ১০
উত্তর বারিধারা ৯ ১ ৩ ৫ ৪/২৯ ৬
চট্ট আবাহনী ৯ ১ ২ ৬ ৬/১৪ ৫
সকার ক্লাব ৯ ০ ৪ ৫ ৮/১৬ ৪