ফল দিয়ে অনুশীলন!
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২২:৪৪
দারুণ এক তথ্য প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার ব্র্যড হগ। তথ্যটি হলো- হোটেলের রুমে ‘ফল’ দিয়ে লেগ স্পিন বোলিং অনুশীলন করেন তিনি।
আপেল, কমলা, লেবু অথবা গোলাকার কোন ‘ফল’ দিয়ে স্পিন বোলিং অনুশীলনের কথা স্বীকার করা ক্রিকেট ইতিহাসে সম্ভবত প্রথম খেলোয়াড় হগ। পাকিস্তানি কিংবদন্তি আব্দুল কাদিরের কাছ থেকেই এই পদ্ধতি শিখেছেন বলে জানিয়েছেন হগ। নিউজ ডট কম ডট এইউ প্রকাশিত খবরে বলা হয়, হগ জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার কাদির তাকে বলেছেন নিজের বোলিংয়ে ভিন্নতা আনার জন্য নাস্তা কিংবা মধ্যাহ্ন ভোজে দেয়া বিভিন্ন গোলাকৃতির ‘ফল’ দিয়ে হোটেল রুমে অনুশীলন করতেন তিনি। যা তাকে মাঠের খেলায় বেশ সফলতা এনে দিয়েছে। ৪৩ বছর বয়সে অধিকাংশ ক্রিকেটারই হয়তো খেলা ছেড়ে দিয়েছেন। কিন্তু বাংলাদেশে চলমান টি-২০ বিশ্ব কাপে অস্ট্রেলিয়া দলের মুখ্য ভূমিকা পালন করতে পারেন ‘বুড়ো’ হগ। রবিবার পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।—বাসস