পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে চিন্তিত মমতা
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২৩:১১
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে ভালো ফলের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাস দেখালেও খোদ পশ্চিমবঙ্গেই ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) নিয়ে কঠোর চিন্তায় পড়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। টানা কয়েকদিন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে নিয়ে কটাক্ষ করলেও তিনি এখন মোদী ও বিজেপিকে সমীহ করেই কথা বলছেন। বিজেপির সম্ভাবনাকে অস্বীকার বা অগ্রাহ্য করা দূরের কথা, ভোটের দিন যত এগিয়ে আসছে, বিজেপির পদ্মফুলই মমতার মাথাব্যথার মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিজেপির কারণে অনেক আসন হারাতে হতে পারে বলে ভয় পাচ্ছেন মমতা। গতকাল উত্তরবঙ্গের কর্মিসভায় মমতাকে বিজেপি প্রশ্নে যথেষ্ট চিন্তিত দেখা গেছে বলে জানিয়েছে তৃণমূল সূত্র। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ইটাহারে কর্মিসভায় তৃণমূল নেত্রী তার দলের কর্মীদের কাছে বিজেপি সম্পর্কে আশঙ্কার কথা স্পষ্ট করে দিয়েছেন। মমতা বলেন, বিজেপি তৃণমূলের ভোট কেটে হারিয়ে দেয়ার টার্গেট করেছে। তারা কংগ্রেস বা সিপিএমকে সুবিধা করে দিতে চাইছে। বরাবর ছোট রাজ্যের পক্ষপাতী বিজেপি ক্ষমতায় এলে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে পাহাড়কে বাংলা থেকে পৃথক করার প্রক্রিয়া শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। কেন কংগ্রেসের সঙ্গে জোটে গেলেন না এ প্রশ্নের জবাবে বঞ্চনার কথা বলেন এই নেত্রী। কংগ্রেসের সঙ্গে আগে জোট করা তার ‘বোকামি’ ছিল বলেও উল্লেখ করেন।