বাংলাদেশ ইন ফ্রেমস শুরু হচ্ছে আজ
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২৩:১৩
থ্রু দ্য লেন্স-বাংলাদেশের (টিটিএল-বিডি) ৬ষ্ঠ বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী ‘বাংলাদেশ ইন ফ্রেমস-৬’ আজ শুক্রবার থেকে রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারিতে শুরু হচ্ছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আলোকচিত্রী আলী যাকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকাল ৩টায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। ২৫ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। এ বছর সাদা-কালো ও রঙিন ক্যাটাগরিতে ১শ আলোকচিত্রীর অংশগ্রহণে বাংলাদেশের বিভিন্ন স্থান, উত্সব, মানুষ ও তাদের জীবন চিত্র নিয়ে মোট ১শ ছবি প্রদর্শিত হবে।
অনলাইনভিত্তিক ফটোগ্রাফি গ্রুপ হিসেবে যাত্রা শুরু করলেও টিটিএল অনলাইনের গণ্ডি পেরিয়ে এখন দেশের অন্যতম সক্রিয় ফটোগ্রাফি গ্রুপ হিসেব প্রতিষ্ঠা লাভ করেছে। এখানে পেশাদার ও শৌখিন ফটোগ্রাফাররা তাদের মতামত প্রকাশের পাশাপাশি ফটোগ্রাফির বিভিন্ন দিক সম্পর্কে শিখতে পারে। প্রতি মাসে ফটো ওয়াক, ফটো সাফারি, ফটো আড্ডা এবং এমন আরো অনেক কর্মকাণ্ড ও কর্মশালার মাধ্যমে গ্রুপটি সক্রিয় রয়েছে। এছাড়া গ্রুপটি ‘আউট অব দ্য বক্স’ শিরোনামে প্রতি বছর একটি ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। -প্রেস বিজ্ঞপ্তি