পাক-ভারত লড়াই দিয়ে আজ শুরু সুপার টেন
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২৩:৩৬
বিশ্বকাপের পর্দা উঠেছে আজ নিয়ে পাঁচদিন হল। তবে বড় দলগুলোর লড়াই এতোদিন দেখা যায়নি। আজ শুরু হতে যাচ্ছে সেই লড়াই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও ভারতের লড়াই দিয়ে আজ মাঠে গড়াচ্ছে সুপার টেন।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। সর্বশেষ এই মিরপুরেই এশিয়া কাপে আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ভারত। সেবার ভারতের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে ছিলেন শহীদ আফ্রিদি। সব মিলিয়ে টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্সে বলার মতো কিছু ছিল না।
লড়াইটা যখন টি-টোয়েন্টি, তখন পরিসংখ্যান বিবেচনায় কিছুটা হলেও এগিয়ে থাকবে ভারত। টি-টোয়েন্টিতে পাঁচবার পাকিস্তানের মোকাবিলা করে এর মধ্যে চারটিতেই জিতেছে ভারত। আর বিশ্বকাপের তিনটি ম্যাচে সবগুলোতেই জয়ী দলের নাম ভারত। এই পাকিস্তানকে হারিয়ে ২০০৭ সালের বিশ্বকাপের প্রথম আসরের শিরোপা জিতেছিল মহেন্দ সিং ধোনির দল।
তবে পাকিস্তান ও ভারতের মধ্যকার লড়াইয়ে এমন পরিসংখ্যান মাথায় রাখার কোন সুযোগ নেই বললেই চলে। প্রতিটি ম্যাচই হাজির হয় নতুন কিছু রোমাঞ্চ নিয়ে, হয়ে ওঠে জীবন্ত কোন গল্প। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে দুই দলের অধিনায়কই পরিসংখ্যানকে বড় করে দেখতে চাইছেন না। বাকিটা ম্যাচ মাঠে গড়ানোর জন্যই জমা থাক!