জঙ্গিবাদ তোষণকারীদের সঙ্গে সংলাপ হতে পারে না : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সামপ্রদায়িক ও জঙ্গিবাদের তোষণকারীদের সাথে সংলাপ হতে পারে না। আগে জঙ্গিবাদ ও জামায়াতিদের সঙ্গ ছাড়ুন। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে। কিন্তু বিপদ কাটেনি। শেষ যুদ্ধের প্রস্তুতি নিন। তিনি আরো বলেন, স্বাধীনতা পূর্ববর্তী আন্দোলনে অসি ও মসি এক না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। অসি’র ভূমিকায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর মসি’র ভূমিকায় ছিলেন সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া। তিনি বলেন, সামরিক তন্ত্র, জঙ্গিবাদ, দারিদ্র্য, দুর্নীতির আতংক থেকে জনগণকে রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার নগরীর নজরুল স্কয়ারে (ডিসি হিল) দশদিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বাধীনতা উত্সব-বইমেলা উদ্যাপন পরিষদ চট্টগ্রামের চেয়ারম্যান একেএম নাসিমুল কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সাহস পাচ্ছে।