রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ১০ ঘন্টা পর বিকেল ৪টার দিকে প্রত্যাহার করা হয়েছে। পদ্মা নদীর অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালত দুই ম্যানেজার ও ৫ ট্রাক চালককে কারাদণ্ড ও জরিমানা করে। ৫ ট্রাক চালকের মুক্তির দাবিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ধর্মঘট আহ্বান করে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি ধর্মঘট প্রত্যাহারের সত্যতা স্বীকার করে বলেন, বিকাল ৪টার দিকে শ্রমিকদের দাবি মেনে ট্রাক চালকদের মুক্তি দেয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এ প্রসঙ্গে রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে ট্রাক চালকদের মুক্তি দেয়া হয়েছে। এদিকে আকস্মিক পরিবহন ধর্মঘটের কারণে যাত্রীদের চাপ পড়ে ট্রেনে। সকাল থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।