রংপুরে ‘ভিন্নজগতের’ মালিককে মারপিটের ঘটনায় ২ জন গ্রেফতার

দাবিকৃত চাঁদা না দেয়ায় রংপুরের বিনোদন উদ্যান ‘ভিন্নজগতের’ মালিক ও তার গাড়ি চালককে বেধড়ক মারপিট, গাড়ি ভাংচুর এবং নগদ প্রায় ১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভিন্নজগতের ব্যবস্থাপনা পরিচালক এস এম কামাল বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করলে গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের সামনে গঞ্জিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মামলার অন্যতম আসামি সুকারু মিয়া ও শরিফুল ইসলাম। বাদী এসএম কামাল জানান, অব্যাহত চাঁদা দাবি এবং দর্শনার্থীদের কাছ থেকে মোবাইল, ক্যামেরা ছিনতাই ও হয়রানিতে আমরা অসহায় হয়ে পড়েছি। এভাবে চলতে থাকলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া ছাড়া কোন উপায় থাকবে না।