নারী অগ্রযাত্রায় নতুন মাত্রা দিয়েছেন গণমাধ্যম কর্মীরা

পুরুষদের অনেকেই সন্দেহ প্রকাশ করে, নারীরা চ্যালেঞ্জিং কোনো রিপোর্ট করতে পারবেন কিনা। অনেকেই মনে করেন নারীরা মাতৃত্বকালীন ছুটিতে থাকে, ঝুঁকিপূর্ণ কাজ বা রাতে রিপোর্টিংসহ প্রতিকূল পরিবেশে কাজ করতে পারবে না। তাছাড়া সমাজের দৃষ্টিভঙ্গিও নারীদের সাংবাদিকতা পেশার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। এমন শত প্রতিবন্ধকতা ঠেলে নারী আজ সাংবাদিকতায় নিজের অবস্থান তৈরি করছে। নারীর অগ্রযাত্রায় গণমাধ্যম কর্মীরা নতুনমাত্রা দিয়েছে বলে মন্তব্য করেন ঢাকা ও ঢাকার বাইরের নারী সাংবাদিকরা। তারা এই অবস্থানকে ধরে দীপ্ত পদচারণায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মতবিনিময় এবং প্রীতি সম্মিলনে সাংবাদিকবৃন্দ এই প্রত্যয় ব্যক্ত করেন। সুফিয়া কামাল ভবন মিলনায়তনে সংগঠনের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে ৫২ নারী সাংবাদিক এতে অংশগ্রহণ করেন। আয়শা খানম বলেন, বাংলাদেশ রাষ্ট্রের নানান পেশার নারীদের মধ্যে নারী সাংবাদিকরা ঝুঁকির মধ্যে কাজ করছেন। বাংলাদেশের যে উন্নয়নের সূচক তৈরি হয়েছে সেখানে নারীর এই ভূমিকা গণমাধ্যমের ভাই-বোনদের জন্যই আজ দৃশ্যমান। বাংলাদেশকে ইতিবাচক পরিবর্তনের মধ্যদিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামে নারী সাংবাদিকরা তাদের কালি-কলমের মাধ্যমে সংগ্রাম করে চলেছেন। বক্তরা কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তাদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধার অপ্রতুলতার কথা তুলে ধরেন। সভায় আরো বক্তব্য রাখে- যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, গণমাধ্যম সম্পাদক দিল মনোয়ারা মনু। সভা সঞ্চালন করেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা।