ময়ূর উদ্ধার
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২০:৪২
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে উদ্ধারকারী দল গতকাল বৃহস্পতিবার উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ঘুনাবাড়ী গ্রাম থেকে একটি বিলুপ্তপ্রায় প্রজাতির ভারতীয় ময়ূর উদ্ধার করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ময়ূরটি গত ১৮ মার্চ লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকায় প্রথমে স্থানীয় গ্রামবাসীদের নজরে আসে। ময়ূরটি ঘোরাঘুরির একপর্যায়ে জনৈক গ্রামবাসীর ঘরে আশ্রয় নিলে সেটিকে আটক করা হয়। লালমনিরহাটের সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার আলী মণ্ডলের সহায়তায় স্থানীয় গ্রামবাসীর কাছ থেকে বন বিভাগের উদ্ধারকারী দল ময়ূরটি উদ্ধার করে গতকাল বিভাগীয় কার্যালয়ে নিয়ে আসে। বন বিভাগের কর্মকর্তা মোল্যা রেজাউল করিম বলেন, বর্তমানে ময়ূরটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এ্যান্ড এনিম্যাল হাজবেন্ড্রি বিভাগের অধ্যাপক ডা. হেমায়েতুল ইসলাম আরিফের তত্ত্বাবধানে রাখা হয়েছে। চিকিত্সা শেষে সম্পূর্ণ সুস্থ হলে ময়ূরটি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।