রামেক হাসপাতালে আসছে আধুনিক যন্ত্রপাতি
আনিসুজ্জামান, রাজশাহী অফিস
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২০:৪৪
চিকিত্সা সেবা নিশ্চিত করতে উত্তরাঞ্চলের সর্ববৃহত্ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রামেক হাসপাতালে নির্ধারিত সংখ্যার চেয়েও ২-৩ গুণ রোগীর অবস্থান ও চিকিত্সা সেবা নিশ্চিত করতে অভিজ্ঞ ডাক্তার, নার্স, আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হবে। সম্প্রতি জারিকৃত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের উপ-সচিব (পার-২) মোঃ হুমায়ুন কবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গত ১৭ মার্চ রামেক হাসপাতাল কর্তৃপক্ষের হস্তগত হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানায় যায়, রামেক হাসপাতালে রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগে জরুরি ভিত্তিতে (৫০০এম) ২টি এক্সরে মেশিন, ২টি কালার ডপলার, ক্যান্সার ট্রিটমেন্টের জন্য কোবাল্ট-৬০ মেশিন, থেরাপি মেশিন, লিনাক মেশিন, কিডনি রোগীদের জন্য নেফ্র্রলজি বিভাগে আগামী ১ বছরের মধ্যে কমপক্ষে ১০টি ডায়ালাইসসি মেশিন, শিশু বিভাগে ওপেন ইনকিউবেটর, হেপাটলজি বিভাগে ইআরসিপি মেশিন সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চলতি মাসেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম রাজশাহী সফরে এসে রাজশাহী মেডিক্যাল কলেজকে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে পর্যালোচনা করবেন বলে জানা গেছে।
এদিকে রামেক হাসপাতালে নার্সিং সেবা নিশ্চিত করতে সাময়িকভাবে টিবি ক্লিনিকের ৩০ জন নার্সকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি ভিত্তিতে পদায়ন এবং রামেক হাসপাতালের থেকে সিনিয়র স্টাফ নার্সদের অন্যত্র পদায়ন বাতিলের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।