এমপি বদিকে দুদকের জিজ্ঞাসাবাদ
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২০:৪৪
কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিকে বৃহস্পতিবার দুপুরে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। দুদকের উপ-পরিচালক আহসান আলী তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যম থেকে নিজেকে আড়াল করতে বদি দুদকের পেছনের গেট দিয়ে বের হয়ে যান।
দুদক সূত্র জানায়, সংসদ সদস্য আবদুর রহমান বদি এদিন বেলা ১টার দিকে দুদক কার্যালয়ে যান। সেখানে দুপুর ২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তিনি দুদক কমিশনার শাহবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করেন। পরে দুপুর আড়াইটার দিকে তিনি দুদক থেকে বেরিয়ে যান।
দুদক সূত্র জানায়, অনুসন্ধান কর্মকর্তা বদির হলফনামা এবং তার নির্বাচনী আসন কক্সবাজারে সরেজমিন অনুসন্ধান শেষে তার অঢেল সম্পদের খোঁজ পান। তার পরিপ্রেক্ষিতে এমপি বদির কাছে সম্পদের হিসাব চাওয়া হয়। ওই হিসাব যাচাই বাছাই করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদক সূত্র আরো জানায়, নির্বাচন কমিশনে বদির হলফনামার তথ্য অনুসারে, প্রথম এমপি হওয়ার পর পাঁচ বছরে তার আয় বেড়েছে ৩৫১ গুণ। আর নিট সম্পদ বেড়েছে ১৯ গুণের বেশি। তার এ সম্পদ অবৈধ কিনা তা খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। গত ১২ জানুয়ারি কমিশনের নিয়মিত বৈঠকে বদিসহ সাত জনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে কর্মকতা নিয়োগ দেয়া হয়।