নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পানির তীব্র সংকট

ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাপ্ল¬াই পানির পাইপ ফেটে যাওয়ায় ৮ দিন যাবত পানি নেই, রোগীরা পানির সংকটে দিশেহারা হয়ে পড়েছেন । নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরা জানান, শুক্রবার সকালে পানির লাইনের পাইপ ফেটে যায়। সেদিন থেকেই মহিলা ওয়ার্ডে পানি সংকট দেখা দিয়েছে। ট্যাংকিতে মজুত পানি থাকায় সেদিন পুরুষ ওয়ার্ডে পানি পাওয়া গেলেও শনিবার রাত থেকে পানি বন্ধ হয়ে যায়। এভাবে ৮ দিন অতিবাহিত হলেও কতৃপক্ষ কোন উদ্যোগ নিচ্ছে না। হাসপাতাল ভবনের নিচে টিউবয়েল থেকে পানি এনে রোগীরা কোন রকম চলতে পারলেও মঙ্গলবার সকালে টিউবয়েলটিও নষ্ট হয়ে যায়। আর তখন থেকেই তারা পানি সংকটে দিশেহারা হয়ে পড়ে। এবিষয়ে কর্তব্যরত কর্মকর্তাদের জানালেও কতৃপক্ষ টিউবয়েলটি মেরামত করেননি। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) ডা: গঙ্গা গোবিন্দ পাল জানান, পানির পাম্পের পাইপ নিচ থেকে ফেটে গেছে। ঢাকা থেকে মিস্ত্রী নিয়ে আসার জন্য এক কর্মকর্তাকে পাঠানো হয়েছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান জানান, সমস্যাটি সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।