আদালতের কাছে ক্ষমা চাইলেন মোশাররফ
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২১:০৬
পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি পুনরায় শুরু করার পর মোশাররফের পক্ষে লিখিত ক্ষমা প্রার্থনা করা হয়েছে। গতকাল শুক্রবার দেশটির বিশেষ আদালতে শুনানি শুরু হয় বলে জানা যায়। খবর ডন ডট কমের।
বিচারপতি ফয়সাল আরাবের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এই মামলার শুনানি শুরু করে। এ সময় মোশাররফের কৌঁসুলি রানা ইজাজের পক্ষে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি কামরান মুরতাজা ক্ষমা প্রার্থনা চেয়ে একটি লিখিতপত্র আদালতে জমা দেন। এদিকে এ মাসের শুরুর দিকে পাঞ্জাবের সাবেক আইনমন্ত্রী ইজাজ লেয়ারি গ্যাং থেকে তাকে জীবননাশের হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন এবং এ ঘটনার পেছনে বিচারপতি আরাবের সংশ্লিষ্টতা আছে বলে জানান ইজাজ। এছাড়া ঐ বিচারপতির বিরুদ্ধে এফআইআর করারও দাবি জানান তিনি। তবে তার এ বক্তব্য শোনার পর ইজাজের ওপর আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং এ কৌঁসুলির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দেশটির বার কাউন্সিলকে নির্দেশ দেয় আদালত।