ধলেশ্বরী নদী থেকে ১৬ মণ জাটকা আটক
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২১:৩৮
মুন্সীগঞ্জের লঞ্চঘাট কাছে ধলেশ্বরী নদীতে শুক্রবার ভোরে ৩টি যাত্রীবাহী লঞ্চ ও একটি ট্রলারে অভিযান চালিয়ে ১৬ মণ জাটকা ও জাটকা বহনকারী একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড ও মত্স্য বিভাগ। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সদর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা রাসেদুজ্জামান জানান, দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এমভি সিরাজ-২, এমভি পিন্স অব হাসান হোসেন, এমভি মিতালী নামের ৩টি লঞ্চ ও একটি ইঞ্জিনচালিত ট্রলারে অভিযান চালিয়ে ১০ ঝুড়ি জাটকা আটক করা হয়। পরে জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করে দেয়া হয়। এসময় জাটকা বহনকারী ট্রলারটি আটক করা হয়েছে বলে তিনি জানান। এনিয়ে গত ১ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে মুন্সীগঞ্জে ৬৩ মণ জাটকা আটক করা হলো।