উখিয়ায় পর্যবেক্ষণ পাইপে সাশ্রয়ী চাষাবাদ
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২১:৩৮
পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উখিয়ায় পর্যবেক্ষণ পাইপের সাহায্যে সাশ্রয়ী চাষাবাদ চলছে। এ পদ্ধতিতে চাষাবাদের ফলে একদিকে যেমন ধানের উত্পাদন খরচ হ্রাস পাবে, অন্যদিকে মূল্যবান পানি ও জ্বালানি সাশ্রয় হয়ে গরিব কৃষকেরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে উক্ত চাষাবাদে ব্যাপক সফলতা অর্জন করায় কৃষকেরা দ্বিতীয় ধাপে উক্ত পদ্ধতিতে চাষাবাদের প্রতি ঝুকেছে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এডব্লিউডি পদ্ধতিতে চাষাবাদ করতে হলে জমিতে সেচ প্রদানের জন্য একটি ৩০ সেন্টিমিটার বাঁশের পাইপের নিচের ২০ সেন্টিমিটার পর্যন্ত বাঁশের বিভিন্ন স্থানে ছিদ্র করতে হবে। পরে বাঁশটি ২০ সেন্টিমিটার পর্যন্ত জমিতে এমনভাবে পুঁতে ফেলতে হবে যাতে মাটির নিচে বাঁশের ভিতরে পানি প্রবেশ ও বের হতে পারে। চারা রোপণের ১০-১৫ দিন পর এডব্লিউডি পদ্ধতি বাস্তবায়ন করে জমিতে ২-৪ সেন্টিমিটার পর্যন্ত পানি স্থিতিশীল রাখতে হবে। তাহলে আর কোনভাবে পানি অপচয় হবে না। স্থিতিশীল রাখা ওই পানি দিয়ে চাষাবাদ ধরে রাখা যাবে। এতে জ্বালানি আর অতিরিক্ত পানির কোন প্রয়োজন হবে না। তবে জমিতে সময়মতো আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বলে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মরত ব্লক সুপারভাইজার জানান।