সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২১:৩৮
নওগাঁয় আদিবাসী ছাত্র পরিষদের আলোচনা সভা
নওগাঁ প্রতিনিধি \ আগামী ২৮ ও ২৯ মার্চ রাজশাহীতে আদিবাসিদের কেন্দ্রীয় ছাত্র সম্মেলন সফল করতে নওগাঁর পত্নীতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পত্নীতলা উপজেলার নজিপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আদিবাসি ছাত্র পরিষদ নওগাঁ শাখার উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় আদিবাসি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি উপেন রবিদাস।
মাদারীপুরে এনসিটিএফ-এর নির্বাচন
মাদারীপুর প্রতিনিধি \ ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) সদস্যদের সাধারণ সভা ও নির্বাচন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। জেলা শিশু একাডেমী মিলনায়তনে প্রত্যক্ষ ভোটে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। এনসিটিএফ-এর মাদারীপুর শাখার নির্বাচনে মুন্নি আক্তার সভাপতি, নাছির উদ্দিন রূপক সাধারণ সম্পাদক, দিল সাহারা সাংগঠনিক সম্পাদক, চাইল্ড পার্লামেন্ট সম্পাদক আবিদ হাসান রাব্বি, শিশু সাংবাদিক সুবিন ভুঁইয়া ও বর্ণালী শীল। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এনসিটিএফ সদস্য ইমতিয়াজ হোসেন ও প্রিয়াংকা শীল।
রাজবাড়ীতে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য
বিলোপ দিবস পালন
রাজবাড়ী প্রতিনিধি \ ৫ দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে রাজবাড়ীতে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রাজবাড়ী প্রেসক্লাব চত্বরে জেলা হরিজন ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে হরিজন নেতা বাসুদেব মন্ডল, মিলন হেলা, শিবু সরকার, উত্তম দাস হেলা প্রমুখ বক্তৃতা করেন।
পটুয়াখালীতে দলিত ও বঞ্চিত
জনগোষ্ঠীর মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি \ বিশ্ব বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর লোকেরা গতকাল শুক্রবার পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে। জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে উপযুক্ত আইন প্রণয়নের দাবিতে নাগরিক উদ্যোগ সংগঠনের সহযোগিতায় বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন এই কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ জুরান চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শিশির বিন্দু মন্ডল, কোষাধ্যক্ষ জীবন কৃষ্ণ দাস, পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাফর খান, সাংবাদিক অতুল চন্দ্র দাশ ও নির্মল কুমার রক্ষিত।
সদরপুরে এ.কে.কের এ্যাডভোকেসী কর্মশালা
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ সরকারি কর্মকর্তা, সিভিল সোসাইটি, জনপ্রতিনিধি এবং মিডিয়া ব্যক্তিবর্গের সহিত সিবিও সদস্যদের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও স্থানীয় সম্পদে সদরপুর উপজেলার ৪ নং চরনাছিরপুর ইউনিয়নের ১০টি গ্রামের সিবিও সংগঠনের সদস্যদের সহিত চরাঞ্চলের মানুষের দুর্যোগ ঝুঁকি হ্রাসে ও জীবন-জীবিকার মান উন্নয়নে স্থানীয় সম্পদ সমাবেশীকরণ ও সম্পদে প্রবেশাধিকার শীর্ষক এ্যাডভোকেসী কর্মশালা এ.কে.কে-এর উদ্যোগে অক্সফার্মের সহযোগিতায় রি-কল প্রকল্পের আওতায় ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার বিকেলে এ.কে.কে.- এর নির্বাহী পরিচালক এম.এ. জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাদারীপুরে বিনামূল্যে চিকিত্সা শিবির শুরু
মাদারীপুর প্রতিনিধি \ আচমত আলী খান রিসোর্স ফাউন্ডেশনের আয়োজনে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে বিনামূল্যে তালু কাটা, ঠোঁট কাটা রোগীদের চিকিত্সা শিবির। সদর হাসপাতালে ৬ ছয় দিনব্যাপী চিকিত্সা শিবিরের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। আন্তর্জাতিক মানের এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানের চিকিত্সক ডাঃ মাহবুবুর রহমান যাচ্চু খান, ইউনাইটেড হাসপাতালের পরিচালক ডাঃ জাহাঙ্গীর কবির, কেনিয়ার চিকিত্সক ডাঃ অঙ্গুটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ মোজাম্মেল হক খান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
সারিয়াকান্দিতে উদীচী সঙ্গীত একাডেমীর উদ্বোধন
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ গতকাল শুক্রবার সারিয়াকান্দিতে উদীচী সঙ্গীত একাডেমীর উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য আব্দুর মান্নান প্রধান অতিথি হিসেবে সঙ্গীত একাডেমীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উদীচী বগুড়া সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুস সোবাহান মিনু, উদীচী শিল্পীগোষ্ঠী সারিয়াকান্দি শাখার সভাপতি বাবু অরুনাংশু কুমার সাহা, সাধারণ সম্পাদক সাহাদত জামান প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পীরগঞ্জের বড় আলমপুরে পুষ্টি মেলা
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ রংপুরের পীরগঞ্জে ‘শিশু পুষ্টি এখনই’ এই শ্লে¬াগানকে সামনে রেখে পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আলমপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ওই মেলা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিশু অপুষ্টি রোধে সচেতনতা বৃদ্ধি ও খাদ্য উপাদানের সংগে পরিচিতির জন্য এ মেলার আয়োজন করে পীরগঞ্জ এডিপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ।
মেহেরপুরে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা
মেহেরপুর প্রতিনিধি \ দ্রুতগতিতে যানবাহন চালানো, অতিরিক্ত মালামাল বোঝাই ও কতিপয় চালকের অদক্ষতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। সেইসাথে সড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য ও চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী জিনিসপত্র সড়কের উপরে রাখায় দুর্ঘটনা বেড়ে চলেছে। তাই চালকদের যেমন দক্ষতা বাড়াতে হবে তেমনি সড়কে নির্বিঘ্নে চলাচলের পরিবেশ সৃষ্টি করতে হবে। বৃহস্পতিবার মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে আয়োজিত সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা ওই কথাগুলো বলেন।
মৌলভীবাজারে ভিটামিন এ প্লাস বিষয়ক সভা
মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে জাতীয় ভিটামিন এ প্লাস বিষয়ক এ্যাডভোকেসি ও পরামর্শক সভা বৃহস্পতিবার সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর উদ্যোগে সমাজের শ্রেণী-পেশার লোকদের অংশগ্রহণে এ এ্যাডভোকেসি ও পরামর্শক সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়ায় সাংস্কৃতিক উত্সব শুরু আজ
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা \ ‘বই হোক নিত্য সঙ্গী’—এই প্রত্যয়ে সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ভাঙ্গুড়া ইউনিয়ন মডেল হাইস্কুল মাঠে পাবনা জেলার ঐতিহ্যবাহী ২১তম বই মেলা ও সাংস্কৃতিক উত্সব শুরু হচ্ছে আজ (শনিবার)। মেলা মাঠে ইতোমধ্যে বইসহ বিভিন্ন ধরনের সুসজ্জিত স্টল, বই প্রদর্শনী, মুক্তিযুদ্ধের আলোকচিত্র, পোস্টার প্রদর্শনী ও শিশু বিনোদনের জন্য নাগরদোলা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। ভাঙ্গুড়া সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক আজাদ খান জানান, সাতদিনব্যাপি এ মেলায় থাকছে স্কুল ম্যাগাজিন, নাটক, বাউল সঙ্গীত, চিত্রাংকন, আলোচনা অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা ও বিশেষ সঙ্গীতানুষ্ঠান।
ময়মনসিংহে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন
ময়মনহিংস প্রতিনিধি \ বিজ্ঞান আমার বন্ধু পার হব মহাসিন্ধু, তথ্য প্রযুক্তি হবে হাতিয়ার গড়বো মোরা দেশ আমার-’ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে উদ্বোধন করা হয়েছে দু’দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা। গতকাল শুক্রবার সার্কিট হাউজ সংলগ্ন জিমনেশিয়াম মাঠে বেলুন, পায়রা উড়িয়ে ও ফিতা কেটে বর্ণাঢ্যভাবে মেলা উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামালউদ্দিন আহমেদ।
রংপুরে প্রতিবন্ধী সংগঠনের সংবাদ সম্মেলন
রংপুর প্রতিনিধি \ দেশে ১ কোটি ৬০ লাখ মানুষ কোন না কোনভাবে প্রতিবন্ধী। এসব প্রতিবন্ধী নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। তাদের সামাজিক ও রাজনৈতিক অধিকার এবং বিভিন্ন দাবিসমূহ নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার রংপুর চেম্বার মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি তুলে ধরেন এডিডির মাহফুজার রহমান। প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিত্সা, চাকরিক্ষেত্রে কোটা বাস্তবায়ন, ভোট কেন্দ্রে প্রতিবন্ধীদের জন্য আলাদা লাইনসহ বিভিন্ন দাবিসমূহ সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সংগঠন রংধনুর সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সিডিএফএমজেএফ এডিডির মারুফা বেগম প্রমুখ।
আড়াইহাজারে মাদকাসক্তের কারাদণ্ড
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় হাইজাদী ইউনিয়নের খন্দকার কলাগাছিয়া এলাকায় এক মাদকাসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শরীফুল হক মাদকসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি ) মুহাম্মদ শরিফুল হক জানান, কামাল গাঁজাসহ বিভিন্ন মাদক সেবনের পাশাপাশি বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। সে প্রায়ই স্ত্রী ও সন্তানদের উপর নির্যাতন করতো।