মৌলভীবাজারে হবে হাড্ডাহাড্ডি লড়াই

২৩ মার্চ চতুর্থ ধাপ ও জেলার তৃতীয় ধাপ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন। তাই উপজেলার সর্বত্র উত্সব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রার্থীরা ভোটে জয়লাভ করতে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে চেয়ারম্যান পদে লড়াই হবে হাড্ডাহাড্ডি। সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি থেকে দুজন করে প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ সমর্থিত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপির আশীর্বাদ নিয়ে মুহিবুর রহমান তরফদার (দোয়াত কলম), অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল হোসেন সাবেক চীপ হুইপ আব্দুস শহীদ এমপির আশীর্বাদ নিয়ে (মোটর সাইকেল) প্রতীক নিয়ে মাঠে ভোট প্রার্থনা করছেন। অপরদিকে বিএনপির সমর্থিত মোঃ মিজানুর রহমান মিজান (আনারস), বিএনপির অপর প্রার্থী আবদুল মছব্বির (কাপ- পিরিচ) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন। এ দুজনের মধ্যে একজন জেলা বিএনপি সভাপতি নাসের রহমানের বলয়ের সদ্য বিএনপিতে যোগ দেয়া বর্তমান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মছব্বির। অপরজন জেলা বিএনপির সাধারণ সমপাদক খালেদা রব্বানী সমর্থিত মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান)। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের সমর্থিত জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মতিন ভিপি মতিন (বৈদ্যুতিক বাল্ব), তালামিযে ইসলামিয়ার সমর্থনে হাফিজ আলাউর রহমান টিপু (চশমা), জামায়াতের সমর্থনে সৈয়দ তারিকুল হামিদ (উড়োজাহাজ), বিএনপির সমর্থনে মতিন বকস (টিউবওয়েল), খেলাফতে মজলিসের সমর্থনে মাওলানা শিবির আহমদ (মাইক) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহমুদ করিম রুবেল (তালা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি সমর্থিত শাহিন রহমান (পদ্মফুল), আওয়ামী লীগ সমর্থিত রাশিদা আক্তার (কলস), আওয়ামী লীগ সমর্থিত রাহিলা আহমদ (ফুটবল), স্বতন্ত্র থেকে লুত্ফুন নাহার বেগম (হাঁস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।