ফুলবাড়িতে নির্ঘুম প্রহর কাটছে প্রার্থীদের
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২১:৩৯
২৩ মার্চ রবিবার অনুষ্ঠিতব্য দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা পরিষদের নির্বাচনে অস্তিত্বের লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি’র। অন্যান্য বারের তুলনায় এবারের নির্বাচনটি হচ্ছে একটু ব্যতিক্রম। কারণ আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত হলেও ইতোপূর্বের উপজেলা পরিষদের নির্বাচনের দিনই আওয়ামী লীগ কিংবা বিএনপি’র প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হতে পারেননি। প্রথম নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন বাম ঘরানার মরহুম শামসুদ্দিন আহমেদ কাঁথাওড়া, দ্বিতীয়বারে নির্বাচনে জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী এবং গত নির্বাচনে জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম বাবলু। এবার আমিনুল ইসলাম বাবলু কিংবা বাম ঘরানার কোন প্রার্থী নেই। ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন। এসব কারণেই এবারের নির্বাচনটি আওয়ামী লীগ ও বিএনপি’র জন্য অস্তিত্বের লড়াই হিসেবেই দেখছেন ভোটাররা। আসন্ন নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র ছোটভাই এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল (দোয়াত-কলম), সাবেক পৌর চেয়ারম্যান মরহুম নূরুল হুদার ছেলে জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি এবং ফুলবাড়ি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খুরশিদ আলম মতি (আনারস) এবং জাতীয় পার্টির জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম (মোটর সাইকেল), ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের গোলাম মওলা রঞ্জু (তালা), সাবেক ছাত্রলীগ নেতা মো. জাকারিয়া (টিউবওয়েল) ও জামায়াতের মঞ্জুরুল কাদির (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বিএনপি’র বর্তমান ভাইস চেয়ারম্যান মিনারা বেগম (হাঁস), আওয়ামী লীগের নিরু সামসুন্নাহার (কলস) ও বিএনপি’র বিদ্রোহী হাসিনা পারভিন (ফুটবল)।