চাবিকাঠি হয়ে উঠতে পারেন স্পিনাররা
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২২:১২
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শনিবার প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। সন্ধ্যায় পরের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড। গতকাল শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সবুজ ঘাসে অনুশীলন শেষে চার দলের অধিনায়কই আজকের ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন।
সমপ্রতি ঢাকায় এশিয়া কাপ জয়ী শ্রীলংকা দলের অধিনায়ক দিনেশ চান্দিমাল বলেছেন, এশিয়া কাপের মত টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমরা শিরোপা জিততে চাই। যদিও কাজটা কঠিন। তবে অসম্ভব নয়। তিনি বলেন, এশিয়া কাপ জয়ের কারণে আমাদের খেলোয়াড়দের মনোবল এ মুহূর্তে অত্যন্ত চাঙ্গা। টিম হিসেবে সবাই অত্যন্ত ফিট ও ভালো ফর্মে রয়েছে। এই চাঙ্গা অবস্থাটা বিশ্বকাপের শেষ পর্যন্ত ধরে রাখতে চাই আমরা। সেমিফাইনালে যেতে হলে আমাদের কমপক্ষে তিনটি ম্যাচ জিততে হবে। কাজটা আমাদের জন্য অনেকটাই সহজ করে দিয়েছে সুপার টেন পর্যায়ের গ্রুপিং। আমাদের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এরা সবাই এসেছে এশিয়ার বাইরে থেকে। সুতরাং অন্তত তিনটি ম্যাচ আমরা জিতবো বলেই ধরে নিয়েছি।’
শ্রীলঙ্কার এমন আত্মবিশ্বাসকে তাদের ‘অতি’-আত্মবিশ্বাস ভাবার কোন কারণ নেই। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজে ভাবে হারলেও এর আগে বাংলাদেশের সফরটা বেশ ভালই কেটেছে লঙ্কা বাহিনীর জন্য। প্রথমে বাংলাদেশের বিপক্ষে সিরিজ, এরপর এশিয়া কাপ, দেড় মাসে বাংলাদেশে থাকাকালীন সময়ে লঙ্কানরা একটি ম্যাচও হারেনি। এশিয়া কাপ জিতে মাথা উঁচু করেই কাটিয়েছে সময়টা।
আজ শনিবার চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী চান্দিমাল জানিয়েছেন, আমাদের দলে অজন্তা মেন্ডিস, সেনানায়েকে ও রঙ্গনা হেরাথের মত তিনজন ভালো মানের স্পিনার রয়েছেন। আজকের ম্যাচের ভাগ্য নির্ধারণে তারা অগ্রণী ভূমিকা রাখবেন।
শ্রীলংকার এই স্পিনারদের প্রতি সমীহ দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক দু প্লেসিস। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা কিছুদিন আগে শ্রীলংকা সফর করেছি। সেখানে টি-টোয়েন্টিতে তাদের আমরা হারিয়েছি। এই জয়ের কারণে আমাদের আত্মবিশ্বাসের ভিত্তিটা অত্যন্ত মজবুত। তবে শ্রীলংকাও এশিয়া কাপ জিতে প্রবল আত্মবিশ্বাসী দল। তাদের দলে কয়েকজন ভালো স্পিনার রয়েছে। আমরা তাদের স্পিনারদের কীভাবে মোকাবেলা করবো তার ওপর ম্যাচের ভাগ্য অনেকখানি নির্ভর করছে। শ্রীলংকা দলে মালিঙ্গার মত একজন বিপজ্জনক টি-টোয়েন্টি বোলার এবং বেশ কয়েকজন ম্যাচ উইনার রয়েছে।