ভয়ের কারণ ‘শিশির’!
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২২:১৪
দুটি দলই উপমহাদেশের বাইরের। তাই উপমহাদেশের স্পিনিং উইকেট কারো জন্যই খুব বড় সমস্যা নয়। কিন্তু দুদলই আজ ভয়ে থাকবে চট্টগ্রামের ‘শিশির’কে নিয়ে।
এবারের বিশ্বকাপে গত কয়েকদিন থেকে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচটিতে অনাহূত আগন্তুক হিসেবে দেখা যাচ্ছে কুয়াশাকে। তাই উভয় দলই কুয়াশা নিয়ে চিন্তিত। কুয়াশার সাথে অভ্যস্ত হতে গতকাল বল পানিতে ভিজিয়ে অনুশীলন করেছে ইংল্যান্ড দল। দীর্ঘক্ষণ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করেছে তারা।
অনুশীলন শেষে ইংলিশ অধিনায়ক স্টুয়ার্ট ব্রড বলেন, ‘অ্যাশেজ সিরিজে পরাজয় এবং তারপর টি-২০ বিশ্বকাপের দুটি অনুশীলন ম্যাচে পরাজয়ের কারণে আমরা একটু চাপের মধ্যে রয়েছি। এ কারণে আমরাই যে এ টুর্নামেন্টের সেরা দল তা দাবি করতে পারছি না। তবে অতীতের পরাজয়ের তিক্ততা ভুলে গিয়ে আমরা ঘুরে দাঁড়াতে চাই। পজিটিভ খেলা উপহার দিয়ে টুর্নামেন্টে ভালো কিছু করতে চাই।’
অন্যদিকে নিউজিল্যান্ডের দলপতি ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককুলাম বলেছেন, ‘জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কন্ডিশন সম্পর্কে তাদের অভিজ্ঞতা রয়েছে। তবে কুয়াশা নিয়ে উদ্বেগ থাকলেও এ ব্যাপারে তেমন চিন্তিত নন তিনি। উইকেট সম্পর্কে অধিনায়ক বলেন, উইকেটে সামান্য ঘাস রয়েছে। সেই সুবাদে ব্যাটসম্যানরা যেমনি রান পাবে ঠিক তেমনি বোলাররাও এ পিচ থেকে ফায়দা লুটতে পারবে।’