আজ গণমাধ্যমে তিন ঘণ্টার কর্মবিরতি, প্রেসক্লাবে সমাবেশ
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২২:২০
৮ম ওয়েজবোর্ডের অসঙ্গতি দূরীকরণ ও বিভিন্ন গণমাধ্যমে ছাঁটাই-এর প্রতিবাদে সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকল গণমাধ্যমে আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টা কর্মবিরতি পালিত হবে। একই সাথে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গণমাধ্যমের সকল সাংবাদিক শ্রমিক কর্মচারীকে বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নেতৃবৃন্দ শুক্রবার এক যৌথ বিবৃতিতে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। বিবৃতি দিয়েছেন, সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ কো-কনভেনার রুহুল আমিন গাজী, মঞ্জুরুল আহসান বুলবুল, মোঃ আলমগীর হোসেন খান, সদস্য সচিব মোঃ মতিউর রহমান তালুকদার, যুগ্ম সদস্য সচিব আবদুল জলিল ভুঁইয়া, সদস্য শওকত মাহমুদ, মোঃ খায়রুল ইসলাম, কামাল উদ্দিন, আব্দুল হাই শিকদার, আলতাফ মাহমুদ, জাহাঙ্গীর আলম প্রধান ও কুদ্দুস আফ্রাদ। -প্রেস বিজ্ঞপ্তি