মংলা বন্দর দিয়ে পাট রপ্তানি বাড়ানোর উদ্যোগ

অবশেষে মংলা বন্দর থেকে পাট রপ্তানি বিদ্যমান সংকট দূর করতে উদ্যোগ নেয়া হয়েছে। ফলে মংলা বন্দর থেকে পাট রপ্তানির পরিমাণ বাড়বে বলে আশা করছেন রফতানিকারকরা। ১৯৫০ সালে মূলত পাট রপ্তানিকে কেন্দ্র করে মংলা বন্দরের সৃষ্টি হয়েছিল। কিন্তু অর্ধদশকের বেশি সময় পার হলেও এ অঞ্চলের পাটের সিংহভাগই রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বিগত কয়েক বছরের হিসাবে দেখা গেছে, দেশের মোট পাটের শতকরা ৮০ শতাংশ চট্টগ্রাম বন্দর থেকে রফতানি হলেও মংলা বন্দর থেকে হয় মাত্র ২০ শতাংশ। মংলা বন্দর থেকে রফতানির ক্ষেত্রে ভাড়া বেশি এবং দলিলাদি পাস করার আগে কন্টেইনার স্টাফিং সুবিধা না থাকাই এর মূল কারণ বলেও রফতানিকারকদের পক্ষ থেকে বলা হয়। এসব সার্বিক বিষয় নিয়ে মার্চ মাসের প্রথম সপ্তাহে মংলা বন্দর কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ জুট এসোসিয়েশন নেতাদের বৈঠক হয়। বৈঠকে চিহ্নিত প্রতিবন্ধকতাগুলো দূর করার আশ্বাস দেয়া হয় মংলা বন্দর কাস্টমস্সহ সংশ্লিষ্টদের পক্ষ থেকে। এর ফলে মংলা বন্দর থেকে পাট রপ্তানির পরিমাণ বাড়বে বলে আশা করছেন রপ্তানিকারকরা।