সাভারে ঢাবির পিকনিক বাস-ট্রাকের সংঘর্ষে আহত ২০
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২৩:০৯
সাভারে ট্রাকের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি পিকনিক বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে নয়ারহাট এলাকায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাবির দোতলা পিকনিক বাসটি মানিকগঞ্জের নাহার গার্ডেনে যাচ্ছিল। বাসটি সাভারের নয়ারহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ জন আহত হয়। আহতদের গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। সাভার থানার এসআই মিন্টু মন্ডল বলেন, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।