ইসি পরবর্তী উপজেলা নির্বাচনের ফল প্রভাবিত করার দায়িত্ব নিয়েছে
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২৩:১০
নির্বাচন কমিশন (ইসি) পরবর্তী উপজেলা নির্বাচনের ফলাফল ক্ষমতাসীনদের পক্ষে নেয়ার দায়িত্ব নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শুক্রবার দলের নয়াপল্টনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, উপজেলা নির্বাচনে ক্রমেই সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী বিরোধী নেতা-কর্মীদের উপর অত্যাচার-নির্যাতন করছে। বিএনপি সমর্থিত প্রার্থী এবং নেতা-কর্মীদের নানাভাবে হয়রানির অভিযোগ স্থানীয় প্রশাসন এবং কমিশন বরাবর করা হলেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। বরং উপহাস করছে। ইসির এই উপহাসের সমুচিত জবাব বিএনপি যথাসময়ে দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন রিজভী।
‘অভিযান চালিয়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, অস্ত্রধারীদের বিরুদ্ধে নয়, বরং নিরস্ত্রদের উপর নির্যাতন চালানো হচ্ছে।
রিজভী বলেন, সজীব ওয়াজেদ জয় দলের বৈশিষ্ট্য ধারণ করে অনর্গল বানোয়াট ও উদ্ভট কথা বলছেন।