ফকিরহাটে মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২১ মার্চ ২০১৪, ২৩:১০
বাগেরহাট জেলার ফকিরহাটে বৃহস্পতিবার দুর্বৃত্তরা ৩শত বছরের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ এবং একই দিন পার্শ্ববর্তী চামারিয়া মন্দিরে হামলা চালিয়ে দরজা ভেঙ্গে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জানা যায়, পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার তত্কালীন জমিদার শৈলেন্দ য়ত প্রদীপ ভট্টাচার্য জানান, তিনি শুক্রবার সকালে মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখেন ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এ সময় তিনি চিত্কার শুরু করলে স্থানীয় লোকজন এসে মন্দিরের আগুন নিভিয়ে ফেলে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ নিজামুল হক মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, মডেল থানার অফিসার ইনচার্জ এস, এম আনোয়ার হোসেন প্রমুখ। একই দিন টাউন নওয়াপাড়ার শ্রী শ্রী চামারিয়া মহাশ্মশান ও মন্দিরে হামলা চালিয়ে লোহার দরজা ভেঙ্গে দুর্বৃত্তরা নিয়ে যায়। তারা মন্দির ও মহাশ্মশানের ব্যাপক ক্ষতি করেছে।
এদিকে প্রতিমা ভাংচুরের ঘটনায় স্থানীয় হিন্দু সমপ্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা অনতিবিলম্বে দোষী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।