প্লে-ব্যাকে ব্যস্ত
রুপম-লেমিস
প্রকাশ : ২২ মার্চ ২০১৪, ২০:৪৭
দীর্ঘদিন ধরে অডিও এবং প্লেব্যাকে পারফর্ম করলেও সেই অর্থে যেন মেধা অনুযায়ী জ্বলে উঠতে পারছে না। অথচ দুজনই নিজেদের দারুণ কণ্ঠশৈলী দিয়ে ব্যস্ত রয়েছেন ক্যারিয়ারে। সম্প্রতি রকিবুল আলম রকিবের নতুন ছবি ‘প্রেম করব তোমার সাথে’ ছবির একটি আইটেম সংয়ে কণ্ঠ দিলেন রুপম। এ ছাড়া এরই মধ্যে একাধিক প্লে-ব্যাকে আইটেম সংয়ে কাজ করেছেন লেমিস।
দুজনই বর্তমানে নিজেদের এই প্লে-ব্যাক নিয়েই প্রতিষ্ঠা পেতে চান। রুপম বলেন, ‘আমার বেশ কিছু ভালো গান তৈরি হয়েছে। এ ছাড়া স্টেজেও গাইছি নিয়মিত। এখন পুরোদস্তুর প্লে-ব্যাকেই নিজেকে নিবিষ্ট রাখতে চাই। এ বছর বেশ কিছু প্লে-ব্যাকে কণ্ঠ দিয়েছি। বর্তমানে বাংলাদেশি চলচ্চিত্রের যে উন্নয়নের ধারা বইছে, তাতে চলচ্চিত্রের গানই শিল্পীদের সবচেয়ে বড় প্লাটফর্ম।’
লেমিস বলেন, ‘আমি বেশ কিছু সিনেমায় কাজ করছি। কিন্তু এটাকে দুভার্গ্য না সৌভাগ্য বলব যে, আমার কাছে যে গানগুলোর অফার আসে তার বেশির ভাগই আইটেম সং। আমি এই বলয় থেকে বেরুতে চাই।’
উল্লেখ্য, রুপম ও লেমিস এখন আইটেম সং থেকে শুরু করে প্লে-ব্যাকে দারুণ ব্যস্ত সময় পার করছেন।