ছবিটি প্রথম হলে নয়, ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে :স্বপন আহমেদ
প্রকাশ : ২২ মার্চ ২০১৪, ২০:৪৭
আনিসুল হকের রচনা ও স্বপন আহমেদের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ভিন্ন ধারার গল্পের চলচ্চিত্র ‘তবুও ভালোবাসা’র প্রথম পর্যায়ের শুটিং শেষ হলো। জয়ন্ত চট্টোপাধ্যায়, আনিসুর রহমান মিলন, সোহেল খান, মিশু সাব্বিরসহ এক ঝাঁক তারকাদের নিয়ে নদী বিধৌত একাধিক এলাকায় এই ছবির শুটিং করলেন নির্মাতা। ছবির প্রধান আকর্ষণ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এখানে ছবির প্রধান আকর্ষণ হলো আমরা এই ছবিতে আনিসুল হকের গল্পের পাশাপাশি অন্য এক ইম্প্রুভাইজেশন করেছি। ক্ষুধা ও দারিদ্রের গল্পের পাশাপাশি নিজেদের ভেতরে প্রেম-ভালোবাসার বিন্যাসে আমরা নতুন কিছু দেখানোর চেষ্টা করেছি।’ ছবিটিতে প্রধান সব চরিত্রগুলোই পুরুষ অভিনেতা। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আসলে পুরো গল্পটিই পুরুষপ্রধান। এ কারণেই এ ছবিতে সেই অর্থে কোনো নায়িকা নেই। তবে দুজন প্রতিভাবান অভিনেত্রী কাজ করেছেন, তাদেরকেও দারুণভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। ছবিটির প্রথম পর্যায়ের শুটিং ১৫ দিন হওয়ার পর বাকি শুটিং শুরু হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে। ছবিটির মুক্তি প্রসঙ্গে স্বপন আহমেদ বলেন, ‘আমরা ছবিটি শুরুতে বিভিন্ন আন্তর্জাতিক ফেস্টিভ্যালে দেওয়ার চেষ্টা করছি। এরপর দেশে বা কমার্শিয়ালি রিলিজ দেব। কারণ ছবির এক পর্যায়ে বিশ্বের ক্ষুধা নিপীড়িত অঞ্চলকে বিশ্বমন্দা হিসেবে দেখিয়েছি আমরা, সারা বিশ্ব যখন এক ভারসাম্যহীনতায় ভুগবে। সেই অর্থে বেশ কিছু অ্যানিমেশনের কাজও দেখিয়েছি আমরা। আশা করছি দর্শকদের ছবিটি ভিন্ন এক ভালোলাগার রশদ যোগাবে।’