বাড়ি দখলের অভিযোগ আমির খানের বিরুদ্ধে!
প্রকাশ : ২২ মার্চ ২০১৪, ২০:৪৭
এ যাবত্ বহু চলচ্চিত্রেই দেখা গেছে যে, চলচ্চিত্রের গুণ্ডারা একটি মহল্লা কিংবা বস্তি দখল করছে, আর সেসব গুণ্ডাদের তাড়াচ্ছেন নায়ক। আমির খান নিজেও ‘ইশক’ ছবিতে এর অনেকটা কাছাকাছি গল্পেই কাজ করেছেন। কিন্তু বাস্তব জীবনে বোধহয় মিস্টার পারফেক্টশনিস্ট সেই গুণ্ডা কিংবা ভিলেন হিসেবেই দেখা দিলেন। যা কখনও হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। যেই আমির খান ‘সত্যমেভ জয়তে’-এর মতো সামাজিক উন্নয়নমূলক অনুষ্ঠান দিয়ে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন সেই আমির খানের বিরুদ্ধেই এখন বাড়ি দখলের অভিযোগ উঠেছে। সম্প্রতি বান্দ্রাস্থ ভার্গো হাউজিং সোসাইটির ৫ জন প্রবীণ ব্যক্তি অভিযোগ তুলেছেন যে, বয়স্ক মানুষদের বাড়ি থেকে উচ্ছেদের জোর প্রচেষ্টা করছেন আমির খান। আবাসন প্রতিষ্ঠানের ছদ্মবেশে আমির খান তার তারকাখ্যাতিকে ব্যবহার করে এই কাজটি করছেন। তবে আমির খান এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। আমি কারও সঙ্গে কোনো অসদাচরণ করিনি। আর বল প্রয়োগের তো প্রশ্নই আসে না। আমি এক বছর আগেই ভার্গো হাউজিং সোসাইটির অ্যাপার্টমেন্ট ছেড়েছি। এই হাউজিংয়ের বেশকিছু স্লাব ভেঙে পড়েছিল। যা ওই হাউজিং কমিটির অনুরোধে সংস্কার করে দেওয়ার আশ্বাস দিই আমি।’