পাকিস্তানে ‘অনার কিলিংয়ের’
শিকার ২ কিশোরী
প্রকাশ : ২২ মার্চ ২০১৪, ২১:১৮
পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিকারপুরে ‘অনার কিলিং’-এর (সন্মান রক্ষার্থে হত্যা) মাধ্যমে দুই কিশোরীকে হত্যায় অভিযুক্ত সকলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি তাসাদ্দুক হোসাইন জিলানির নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ সুয়োমুটো করে এ নির্দেশনা প্রদান করে। -খবর ডন অনলাইনের।
বিচারকদের বেঞ্চ অনার কিলিংয়ের ঘটনা অধিক স্পষ্ট তদন্তের জন্য এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ওই দুই মেয়ের (চাচাতো বোন) একজনের পিতা আব্দুল্লাহ মাহার থানায় এফআইআর করেন যে, তার ভাই সানাউল্লাহ মাহার পারিবারিক বিরোধের কারণে তাদের হত্যা করে। তদন্ত কর্মকর্তা আরো জানান, অভিযোগের ভিত্তিতে প্রধান সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় মান-সন্মানের কারণে ‘অনার কিলিংকে’ স্থানীয়ভাবে সমর্থন করা হয়।