স্পোর্টস ডেস্ক
প্রাথমিক দলেও নাম ছিল না তার। কিন্তু, ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলার জন্য হঠাত্ করেই ডাক পড়লো ওয়াহাব রিয়াজের। বর্ষিয়ান এই পেসার মনে করছেন, অভিজ্ঞতার জোরেই দলে এসেছেন তিনি।
বললেন, ‘দলে সুযোগ পাওয়ার একটা বড় কারণ আমার অভিজ্ঞতা। ইংল্যান্ডে হয়তো বেশি ওয়ানডে ম্যাচ খেলিনি। কিন্তু সেখানে টেস্ট ম্যাচে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে। ওখানকার পরিবেশ ও পিচ সম্পর্কে আমার ধারণা রয়েছে। ফলে, আমি জানি আমাকে বাড়তি দায়িত্ব সামলাতে হবে ইংল্যান্ডে।’
ওয়াহাব রিয়াজ ২০১৫ বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন। যদিও, তিনি গেল দুই বছর হল পাকিস্তানের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলেন না বলেই চলে। সর্বশেষ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন ৩৩ বছর বয়সী এই পেসার। সেই সিরিজেও অবশ্য গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের পরই তিনি বাদ পড়েন। ফলে, তার ওপর ভরসা রাখাটা একটা বিশাল চমকই বটে। যদিও, সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ফর্মেই ছিলেন ওয়াহাব।
ইনজামাম জানালেন, রিভার্স সুইংয়ের দক্ষতাই ওয়াহাবকে ফিরিয়ে এনেছে। একই সাথে ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে পেস বোলিংয়ের দুর্দশাই ওয়াহাবের ফেরাকে তরান্বিত করেছে।
বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। ৩১ মে ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের প্রথম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের পারফরম্যান্স অবশ্য যাচ্ছেতাই। সর্বশেষ নয়টি ওয়ানডের সবগুলোতেই হেরেছে দলটি।