ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে ব্যবহারিকভাবেই

বিজ্ঞানভিত্তিক লেখাপড়ায় ব্যবহারিক পরীক্ষা থাকবেই। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান বিষয়গুলো ল্যাবক্লাশ ও প্র্যাকটিকেল পরীক্ষার অন্তর্ভুক্ত। ঐচ্ছিক বিষয় হিসাবে কম্পিউটার বিজ্ঞানেও ব্যবহারিক পরীক্ষা রয়েছে। পরীক্ষার ফলাফল নির্ধারণে ব্যবহারিক পরীক্ষা তাত্ত্বিক পরীক্ষার মতোই সমান গুরুত্ব বহন করে। ব্যবহারিক পরীক্ষায় শিক্ষকের স্বাক্ষর করা ব্যবহারিক খাতা নিয়ে যেতে হয়, সেটার উপর আবার মৌখিক পরীক্ষা হয়ে থাকে। ফলে ব্যবহারিক খাতা ভালোভাবে তৈরি করে পরীক্ষার আগেই শিক্ষকের স্বাক্ষর নিয়ে রাখতে ভুলবে না। জীববিজ্ঞান পরীক্ষায় স্পেসিম্যান বা নমুনা আসবে বেশি। পরীক্ষার্থীর কাজ হবে স্পেসিম্যানগুলোর সম্পূর্ণ বা অংশবিশেষ চিহ্নিত করা। পদার্থবিদ্যা বা রসায়ন ব্যবহারিক পরীক্ষার জন্য জানতে হবে কোন বিশেষ বৈজ্ঞানিক বা রসায়নিক প্রক্রিয়াগুলো কোনো কোনো ধাপ পেরিয়ে কাজ করে। ভূগোলের ব্যবহারিক পরীক্ষায় মানচিত্র অঙ্কন ও তার প্রণালী নিয়ে প্রশ্ন করা হবে। সুতরাং পূর্ববর্তী বছরসমূহের ব্যবহারিক পরীক্ষার প্রশ্নের ধরন অনুযায়ী প্রস্তুতি নিয়ে রেখো আগে থেকেই।