পদ্মায় বাঁধ দিয়ে মত্স্য নিধন

চলছে মত্স্য সপ্তাহ, আর এর মধ্যেই ফরিদপুরের পদ্মা নদীতে অবৈধ বাঁধ দিয়ে চলছে জাটকা নিধন। পদ্মা নদীর টেপুরা-ধুলাই চর এর ত্রিমোহনা এলাকায় নদীতে আড়াআড়িভাবে বাঁশের বাঁধ দিয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে মাছ শিকার করছে একদল শিকারী। খোঁজ নিয়ে জানা গেছে, এই দলটি প্রতিবছরই এই অঞ্চলের বিভিন্ন স্থানে পদ্মা নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছে। এবছরও এই চক্রটি প্রায় মাসখানেক যাবত্ তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। জেলা শহর থেকে দূরে ও দুর্গম চরাঞ্চল হওয়াতে প্রশাসনের নজর এড়িয়ে তারা নির্বিঘ্নে চালিয়ে আসছে নির্বিচারে মত্স্য নিধন। বাঁধের জেলে মধু হালদার জানান, আমরা পাবনা থেকে এসেছি। এই এলাকার বড় ভাইরা আমাদের এনেছে। আমরা মাছ ধরে দেই, বিনিময়ে আমাদের একটা অংশ দেয় তারা। স্থানীয় জেলে ইদ্রিস পাল জানান, সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে প্রভাবশালীদের ছত্রছায়ায় স্থানীয় নর্থচ্যানেল ও চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের লোকজন নির্বিচারে মত্স্য নিধন করে চলেছে। এরা এসব মাছ এলাকার বাজারে বিক্রি না করে ট্রলারযোগে পাটুরিয়া ঘাট, চরমইনুট বাজার, হাট কৃষ্ণপুরসহ বিভিন্ন দূরবর্তী হাট-বাজারে পাঠিয়ে দেয়।