রাঙ্গামাটির অনাবাদী পাহাড়ে পেঁপের চাষ হচ্ছে

পাহাড়ের অনাবাদি জমিতে পেঁপে চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন রাঙ্গামাটির কৃষকেরা। কৃষিবিভাগের সহায়তা ও পরামর্শ নিয়ে জেলার বিভিন্ন উপজেলার পাহাড়ের পতিত জমিতে পেঁপে চাষ করে স্বাবলম্বী রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলের অনেক কৃষক। পেঁপে চাষের বিষয়ে পরামর্শ নিয়ে নিজের পতিত জমিতে পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন কাপ্তাইয়ের শিক্ষিত বেকার যুবক নিপন বিকাশ তঞ্চঙ্গ্যা। নিপন পেঁপে চাষ করে এখন আর্থিক সচ্ছলতার পাশাপাশি রীতিমত স্বাবলম্বী একজন ব্যবসায়ী। সে প্রায় ১ একর পতিত জমিতে পেঁপেসহ বিভিন্ন রকমের বাগান করেছে। এলাকার অনেক কৃষক জানান, নিপনের সফলতা দেখে এলাকার অনেকেই শুরু করে দিয়েছেন পেঁপে চাষ। পাহাড়ী ছড়া থেকে পানি সংগ্রহ করে পেঁপে চাষ করছেন তারা। কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি কর্মকর্তা সুষ্মিতা চাকমা জানান, পেঁপে চাষে লাভজনক হওয়ায় কাপ্তাই এলাকায় পেঁপে চাষ বাড়ছে।