সিরাজদিখানে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে ৪শ’ মণ গোল আলু

জমিতে স্তূপ করে রাখা চার বিঘা জমির প্রায় চারশ’ মণ গোল আলু শুক্রবার রাতের আঁধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সিরাজদিখান উপজেলার উত্তর রাঙ্গামালিয়া গ্রামের মোঃ গিয়াসউদ্দিনের জমিতে। আলুর মালিক মোঃ গিয়াসউদ্দিন জানান, ৩/৪ দিন পূর্বে তিনি তার চার বিঘা জমির আলু উত্তোলন করে জমিতে স্তূপ করে রেখেছেন বিক্রির উদ্দেশ্যে। আজ শনিবার জমি থেকে সে আলু বিক্রয় করার কথা ছিল। কিন্তু সকালে জমিতে গিয়ে দেখেন সমস্ত আলু পুড়ে ছাই হয়ে আছে। এ ঘটনার পর থেকে এলাকায় জমিতে আলু স্তূপকারী, ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চরম আতংক ও ক্ষোভ বিরাজ করছে।