পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন
প্রকাশ : ২২ মার্চ ২০১৪, ২২:৩১
বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন ও চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে একজনসহ চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
গোদাগাড়ীতে শিশুর মৃত্যু
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার মাটিকাটা শাব্দিপুরে গত শুক্রবার সকালে বাসের চাপায় রহিমা (৮) নামে এক মারা গেছে। সে মাটিকাটা শাব্দিপুর গ্রামের মানেকুল ইসলামের কন্যা। গোদাগাড়ী মডেল থানার ওসি আবু মোকাদ্দেম আলী জানান, দাদু বাড়ি যাবার পথে রাস্তা পার হওয়ার সময় বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
যশোরে নিহত এক আহত ২০
যশোরে গত শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে ওলিয়ার রহমান (৫০) নামে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার দুর্গাপুর গ্রামের গফফার বিশ্বাসের ছেলে মাদ্রাসা শিক্ষক ফিরোজ, ফিরোজের স্ত্রী শাহিনা খাতুন, শাহাদত্ ও বাসযাত্রী পটুয়াখালী জেলার ফারুক আলমের স্ত্রী কোহিনুর।
পাবনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
পাবনা-নগরবাড়ি মহাসড়কের ২৪ মাইল কাজীপাড়ায় গত শুক্রবার বিকালে সড়ক দুর্ঘটনায় আ. সামাদ নামে এক ব্যক্তি মারা গেছেন।
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামের জেলার মিরসরাই উপজেলার বারইয়ারহাট রেলগেইট এলাকায় গতকাল শনিবার দুপুরে ট্রেনে কাটা পড়ে কালা মিয়া (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। সে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, কালা মিয়া রেল লাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।