রামগঞ্জে শ্মশান ও রাস্তা দখল করে স্কুল নির্মাণ

জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউপিতে শ্মশান ও রাস্তা দখল করে স্কুল নির্মাণ কাজ চলছে। মেসার্স আহম্মদ ট্রেডার্স ২০১৩ সালের ডিসেম্বর মাসে নতুন ভবনের কাজ শুরু করে। ২২ বছর পূর্বে উত্তর ব্রহ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপনের জন্য অনিল চন্দ্র সাহা, শিশির মাষ্টার ও ডা: গোফী বল্লব ৩৩ শতাংশ সম্পত্তি দান করেন। সম্প্রতি সরকারিভাবে স্কুলের ভবন নির্মাণ কাজ শুরু হয়। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি একটি মহল স্কুলের জন্য দানকৃত সম্পত্তির পিছনে পর্যাপ্ত জায়গা খালি রেখে শ্মশান ও রাস্তা দখল করে ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। উত্তর ব্রহ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম জানান, এখানে শ্মশান ছিল কিনা এটা তার জানা নেই। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তফা ভুঁইয়া জানান, এখানে কোন শ্মশান ছিল না। পিছনে নিচু ভূমি হওয়ায় রাস্তাসহ উক্ত স্থানে বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করে। উপজেলা শিক্ষা অফিসার নবীর উদ্দিন জানান, ইঞ্জিনিয়ার আমাদেরকে না জানিয়ে কাজ শুরু করেছে। তাই এ বিষয়ে কিছু বলতে পারবো না। উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম জানান, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই।