চট্টগ্রামের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা পূবালী ব্যাংকের এসএমই ঋণে উপকৃত

‘পূবালী ব্যাংক লিমিটেডের দেশব্যাপী ঋণ বিতরণ কার্যক্রমের অধীনে চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা এই ঋণ সুবিধা পেয়ে বিশেষভাবে উপকৃত হয়েছেন। তাদের অনেকে এখন পর্যাপ্ত মূলধন গড়ে তোলে স্বনির্ভর হয়েছেন, শিল্প প্রতিষ্ঠানকে আরো সমপ্রসারিত করেছেন এবং উল্লেখযোগ্য সংখ্যক নারী-পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছেন।’ চট্টগ্রাম বিজিএমইএ ভবন মিলনায়তনে পূবালী ব্যাংক লিমিটেডের এসএমই মেলা ’১৪ উপলক্ষে আয়োজিত সেমিনারের বক্তারা উপরের কথাগুলো বলেন। সেমিনারে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুছ সালাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, পূবালী ব্যাংক লিমিটেডের এমডি হেলাল আহমেদ চৌধুরী, এডিএমডি এমএ হালিম চৌধুরী, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের এসএমই বিভাগের ডিজিএম মোস্তাফিজুল কবির। সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ডিএমডি শফিউল আলম খান চৌধুরী। বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক প্রধান কার্যালয়ের এসএমই ঋণ বিতরণ বিভাগের মহাব্যবস্থাপক প্রতীক করিম, চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক সৈয়দ আবদুল মজিদ, চট্টগ্রাম উত্তরাঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ওমর সুলতান, দক্ষিণ ও পার্বত্যাঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহনেওয়াজ খান, চট্টগ্রামের পোল্ট্রি এন্ড ডেইরি উদ্যোক্তা রেহানা বেগম, প্রোপাইটার তায়েবিয়া স্টোর হারুন শরীফ, ফটিকছড়ির নানুপুর এলাকার ডেইরি খামার উদ্যোক্তা এটিএম শহিদুল ইসলাম প্রমুখ। সেমিনারে মেলায় আসা চট্টগ্রামের ১২ জন উদ্যোক্তার হাতে অনুমোদিত এসএমই ঋণ বিতরণ করেন।