লংকার কাছে হেরে হতাশ ডি ভিলিয়ার্স
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২২ মার্চ ২০১৪, ২২:৩৪
শ্রীলংকার কাছে হেরে হতাশ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এ বি ডি ভিলিয়ার্স সুপার টেনের প্রথম ম্যাচে ব্যর্থতার জন্য বাজে ব্যাটিংকে দায়ী করেছেন। অপরদিকে শ্রীলংকার ডান হাতি অফব্রেক বোলার সচিত্র সেনানায়েকে জয়ের পরও মনে করেন তাদের আরো কিছু রান পাওয়া উচিত ছিল।
প্রোটিয়া অধিনায়ক এ হারের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা করছেন। যদিও গতকাল শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে জয়ের একেবারে কাছাকাছি এসেও ম্যাচ হাতছাড়া হয়ে যাওয়ার জন্য ডি ভিলিয়ার্স দায়ী করলেন নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে।
তিনি বলেন, আলবি মরকেল আর কয়েকটা বল খেলতে পারলে দিনটা আমাদের হতে পারতো; কিন্তু আমাদের দুর্ভাগ্য সে আউট হয়ে যাওয়ার পর আর কেউ উইকেটে টিকতে পারেনি। ফলে আমরা চাপের মুখে পড়ে যাই।
ব্যাটসম্যানদের পাশাপাশি নিজেদের ফিল্ডিং ব্যর্থতাকেও দায়ী করে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমাদের বাজে ফিল্ডিংয়ের খেসারত হিসেবে শ্রীলংকা অতিরিক্ত ১৫ রান পেয়েছে।’ ডেল স্টেইনের প্রথম ওভারে ১৭ রান দেয়া প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘ও খুব ভালো বোলার। প্রথম ওভারে ১৭ রান দিলেও পরের দিকে সে নিজেকে খুঁজে পেয়েছে। নিজের সক্ষমতা দেখিয়ে সে দুই উইকেট শিকার করেছে।’
ইমরান তাহিরের বোলিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করতে ভোলেননি ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘এই কন্ডিশনের জন্য ইমরান তাহির পুরোপুরি ফিট। তিন উইকেট নিয়ে সে তার যোগ্যতার প্রমাণ রেখেছে।’
অন্যদিকে শ্রীলংকার ডান হাতি অফব্রেক বোলার সচিত্র সেনানায়েকে জানান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৬৫ রানের ইনিংস ভালো স্কোর। তবে আরো কিছু রান পাওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। তা না পাওয়ার কারণ হিসেবে সেনানায়েকে বলেন, ‘চতুর্দশ ওভারে কুশল পেরেরার আউটের পর রানের গতি শ্লথ হয়ে যায় আমাদের। ডেথ ওভারগুলোতে আরো বেশি রান পাওয়া উচিত ছিল। তবে দক্ষিণ আফ্রিকার বোলাররাও ভালো বোলিং করেছেন।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে শ্রীলংকা এখন দারুণ উজ্জীবিত দল। জয়ের এ ধারা পরের ম্যাচগুলোতেও অব্যাহত রাখার অঙ্গীকার করলেন সেনানায়েকে।