প্রথমেই শিরোপার হিসাব-নিকাশ!

দলটির স্বর্ণযুগ হারিয়ে গেছে বহুকাল হল। তারপরও পুরনো সেই ঐতিহ্য থেকেই কি না হঠাত্ হঠাত্ জ্বলে উঠতে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজকে। এই যেমন দুবছর আগে লঙ্কানদের মাটিতে স্বাগতিকদের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়। এবারও তেমন কিছু একটাই করতে চায় ড্যারেন স্যামির বাহিনী। প্রথম ম্যাচের আগেই তিনি শিরোপা নিয়ে আঁকছেন ছক। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শিরোপা ধরে রাখার লক্ষ্যের কথাই জানালেন তিনি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ড্যারেন স্যামি বলেন, ‘আমরা যদি নিজেদের যোগ্যতা কাজে লাগিয়ে খেলতে পারি তাহলে আমরা অন্য দলগুলোর সামনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারবো। সারা বিশ্বের যেকোন কন্ডিশনে টি-টোয়েন্টি খেলে বেড়ায় এমন বেশ কিছু ক্রিকেটার আমাদের দলের আছে। ক্রিস গেইল, সুনিল নারাইন, ডোয়াইন ব্রাভোরা আছে। সব মিলিয়ে আমাদের দলটা বেশ ব্যালান্সড।’ লড়াইটা যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের তখন কন্ডিশনকে মাথায় না রাখলে এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজই। বিশ্বকাপের আসরে দুবার ভারতের বিপক্ষে খেলে দুবারই জিতেছে ক্যারিবীয়রা। সুপার টেনের উদ্বোধনী ম্যাচে অবশ্য পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটের দারুণ এক জয় পেয়ে এখন অনেকটাই উজ্জীবিত ভারত। তারপরও ভারতের বিপক্ষে জয় খুব কঠিন হবে না বলেই মানছেন এই অধিনায়ক। আর এক্ষেত্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অভিজ্ঞতা তাদের কাজে আসবে বলে মনে করছেন স্যামি, ‘ভারতীয় খেলোয়াড়দের ব্যাপারে আমাদের ভাল ধারণা আছে। আইপিএলে আমরা একই ড্রেসিং রুমে ছিলাম। সেই অভিজ্ঞতা আমাদের কাজে দিবে।’ ক্রিস গেইল বাংলাদেশে এসেই ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপের আসরে তার ব্যাট থেকে আসতে যাচ্ছে সেঞ্চুরি। আর প্রস্তুতি ম্যাচ গুলোতেও নিজেকে ভালই ঝালিয়ে নিয়েছেন এই ব্যাটসম্যান। ড্যারেন স্যামিও গেইলসহ দলের অন্যান্য ম্যাচ উইনারদের দিকে তাকিয়ে আছেন, ‘আমাদের দলটা বেশ ভাল। এখানে কেউ কারও উপর নির্ভরশীল নয়। আমাদের পাঁচ-ছয়জন ম্যাচ উইনার আছে। তবে, সবাইকেই পারফরম করতে হবে। জিততে হলে সবাইকে এক হয়েই পারফরম করতে হবে।’ আরেকবার বিশ্বকাপ জয়ের ঘোষণা দিলেও কাজটা সহজ হবে না বলেই মনে করছেন স্যামি, ‘টুর্নামেন্ট জয়টা কোন ভাবেই আমাদের জন্য সহজ হচ্ছে না। আমাদের প্রতিটি দল নিয়েই আলাদা করে ভাবতে হবে। এখন আমরা শুধুই ভারতের বিপক্ষের ম্যাচ নিয়েই ভাবছি।’ মোট ম্যাচ ৩ জয় পরাজয় ভারত ১ ১ ০ ্রওয়েস্ট ইন্ডিজ ২ ১ ০