এল ক্লাসিকো নাকি শিরোপা নির্ধারণী?
প্রকাশ : ২২ মার্চ ২০১৪, ২২:৩৬
ম্যাচটি যখন এল ক্লাসিকো তখন সেটা ফুটবলপ্রেমীদের মনে রোমাঞ্চ জাগাবে তাতে আর সন্দেহ কি! আর রিয়ালমাদ্রিদ-বার্সেলোনার এই মহারন যদি হয়ে ওঠে শিরোপা নির্ধারণী তাহলে তো কথাই নেই। হাতে দশ ম্যাচ আর চার পয়েন্টের ব্যবধান সামনে নিয়ে দুই স্প্যানিশ জায়ান্ট আজ রাত দু’টায় মুখোমুখি হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে। লিগে দু’দলের অবস্থান বিচারে ধারণা করা হচ্ছে, এই ম্যাচই ঠিক করে দেবে লা লিগা শিরোপার গতিপথ।
লিগের পেরিয়ে গেছে ২৮তম রাউন্ড। আর ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে রিয়াল। সমান সংখ্যক ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শিরোপাধারি বার্সেলোনার অবস্থান তৃতীয় স্থানে। আর বার্সেলোনার চাইতে এক পয়েন্ট বেশি নিয়ে এই দু’দলের ঠিক মাঝখানে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়ালের মাঠে আজ রাতে যদি বার্সেলোনা জিতে যায় তাহলে রিয়ালের সঙ্গে সেই ব্যবধান নেমে আসবে ১-এ। আর রিয়াল যদি জেতে তাহলে সাত পয়েন্টের ব্যবধান নিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে তারা এগিয়ে যাবে আরো। অতীত ইতিহাসের পাশাপাশি এই বিষয়টিই আজকের এল ক্লাসিকোতে যোগ করছে নতুন মাত্রা। রিয়াল মিডফিল্ডার জাভি আলোনসোও জানালেন সেটাই, ‘ইতিহাস বলছে এই দুই দলই মূলত লিগ শিরোপার মূল প্রতিদ্বন্দ্বী। তাছাড়া এই মুখোমুখিতা সবসময়ই অন্য ধরনের আকর্ষণের জন্ম দেয়। সবকিছু মিলে আমি আরেকটি কঠিন প্রতিদ্বন্দ্বিতার জন্যই অপেক্ষা করছি।’
তবে রিয়ালের মাঠে আজ কঠিন এক চ্যালেঞ্জই হয়তো অপেক্ষা করছে বার্সেলোনার জন্য। চলতি মৌসুমে রিয়ালের ফর্ম আর সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার পারফরম্যান্স; দুটোই কথা বলছে রিয়ালের হয়ে। মৌসুমের শুরুর দিকে বার্সেলোনার মাঠে লিগের প্রথম এল ক্লাসিকোতে ২-১ গোলে সেই হারের পর এই পর্যন্ত রিয়াল হারেনি একটি ম্যাচও। তাছাড়া আরেক শিরোপা প্রত্যাশী অ্যাটলেটিকোর কাছে ১-০ গোলে হার ছাড়া এ মৌসুমে নিজেদের মাঠে একটিবারও হারেনি রিয়াল। সুতরাং, ঘরের মাঠে বার্সেলোনার বিরুদ্ধে গত মৌসুমে পাওয়া ২-১ গোলের সেই জয়ের পুনরাবৃত্তি করার লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে রিয়াল। অন্যদিকে, প্রতিপক্ষের মাঠে সর্বশেষ তিনটি ম্যাচের কোনটিতেই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি লিওনেল মেসির দল। যদিও, মেসির হ্যাটট্রিকে ওসাসুনাকে সর্বশেষ লিগ ম্যাচে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা।
রিয়ালের জন্য আশাব্যঞ্জক খবর আছে আরো। বিশ্রাম কাটিয়ে আজ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে প্রথম মিনিট থেকেই মাঠে নামতে প্রস্তুত দলের অন্যতম ভরসা গ্যারেথ বেল। শুরুর দিকের বাজে ফর্মের ধাক্কা সামলে গত কিছুদিন ধরে রিয়ালের অন্যতম ভরসায় পরিণত হওয়া এই ওয়েলস তারকা তাই আজ হয়তো থাকছেন মূল একাদশেই। দুর্দান্ত ফর্মে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশাপাশি বেলকে বড় হুমকি মানছেন সফরকারি গোলরক্ষক ভিক্টর ভালদেসও। এই মৌসুম শেষেই বার্সাকে বিদায় জানাতে যাওয়া এই স্প্যানিশ তারকা বলেন, ‘আমার মনে হয় প্রাক-মৌসুমে যথাযথ প্রস্তুতির অভাবে লিগের শুরুর দিকে সে নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারেনি। তবে এখন তাকে একেবারেই অন্যরকম মনে হচ্ছে। ফিটনেস এবং আত্মবিশ্বাসের দিক থেকে সে সম্ভাব্য সর্বোচ্চ ভাল অবস্থায় আছে। মাঠেও তার প্রমাণ পাওয়া যাচ্ছে। এই গ্যারেথ বেলকেই আমরা ইংল্যান্ডে দেখেছি।’
এদিকে এই ম্যাচ দিয়েই বার্সেলোনার হয়ে সম্ভবত শেষবারের মতো রিয়ালের বিরুদ্ধে নামতে যাচ্ছেন ভালদেস। আর বার্নাব্যুতে নিজের শেষ ম্যাচের জন্য মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছেন তিনি, ‘বার্সেলোনার জার্সি গায়ে বার্নাব্যুতে এটাই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে। এই স্টেডিয়ামে খেলতে যাওয়াটা সব সময়ই বিশেষ কিছু। কারণ, দর্শকরা বিপুলভাবে রিয়ালকে সমর্থন যুগিয়ে যায়। বিশেষ করে, এল ক্লাসিকোতে সেটা আরো বেড়ে যায়। আর এই বিষয়টিই এখানে বাড়তি মাত্রা যোগ করে। আপনি যদি প্রতিপক্ষের খেলোয়াড়ও হন এটা আপনাকে অন্য ধরনের একটা অনুভূতি এনে দেবেই।’
এদিকে রাতের অন্য ম্যাচে অ্যাটলেটিকো খেলবে রিয়াল বেটিসের বিরুদ্ধে।