সেই লঙ্কানদেরই দাপট

শেষ প্রস্তুতি ম্যাচে কিছুটা পা হড়কে গিয়েছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে এসে দেখা গেল আগের মতোই দাপট আছে শ্রীলঙ্কার। পারফরম্যান্সের ধারবাহিকতা অব্যাহত রেখে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনাই করেছে লঙ্কান দল। গতকাল শনিবার সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ রানে হারিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে গতবারের রানার আপ দলটি। প্রথমে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ, এরপর এশিয়া কাপ। বাংলাদেশের মাটিতে কাটানো দেড় মাসে একটি ম্যাচও হারেনি শ্রীলঙ্কা। গতকাল আবারও সেই ধারাবাহিকতার প্রমাণ পাওয়া গেল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৮ উইকেটে ১৬০ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে জেপি ডুমিনি (৩৯), কুইন্টন ডি কক (২৫), এবি ডি ভিলিয়ার্স (২৪) ও হাশিম আমলার (২৩) দৃঢ়তায় ১৬ ওভারে ৩ উইকেটে ১১৯ রানে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকানরা। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় জিততে পারেনি তারা। ২২ রানে ২ উইকেট নেন অফস্পিনার সচিত্রা সেনানায়েকে। এর আগে তিন অভিজ্ঞ ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান, মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারা ব্যর্থ হলেও কুশাল পেরেরার আক্রমণাত্মক ব্যাটিং রানের চাকা সচল রাখে শ্রীলঙ্কার। ডেল স্টেইনের করা ম্যাচে প্রথম ওভারে ১৭ রান নেয়া কুশালের ব্যাট থেকে আসে ৬১ রান। ৪০ বলের ঝড়ো ইনিংসটি সাজানো ৬টি চার ও ৩টি ছক্কায়। কৌশলের বিদায়ের পর অ্যাঞ্জেলো ম্যাথুসের ৩২ বলে ৪৩ রানের আরেকটি আক্রমণাত্মক ইনিংস লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় শ্রীলঙ্কাকে। ২৬ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার লেগ স্পিনার ইমরান তাহির। দুটি করে উইকেট নেন মরনে মরকেল ও স্টেইন। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৭ (কৌশল ৬১, দিলশান ০, জয়াবর্ধনে ৯, সাঙ্গাকারা ১৪, ম্যাথুস ৪৩, চান্দিমাল ১২, থিসারা ৮, কুলাসেকারা ৭*, সেনানায়েকে ১*; তাহির ৩/২৬, মরকেল ২/৩১, স্টেইন ২/৩৭) দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬০/৮ (ডি কক ২৫, আমলা ২৩, ডুমিনি ৩৯, ডি ভিলিয়ার্স ২৪, মিলার ১৯, অ্যালবি মরকেল ১২, বেহারদিন ৫, স্টেইন ০, মরনে মরকেল ০, তাহির ৮*; সেনানায়েকে ২/২২, ম্যাথিউস ১/২১, কুলাসেকারা ১/২৩, মালিঙ্গা ১/২৯, মেন্ডিস ১/৪৪) ম্যাচ সেরা: কুশাল পেরেরা।