ইসি সরকারি দল সমর্থিতদের জয়ী করতে মরিয়া

বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) ব্যর্থ বলা যাবে না। কারণ তারা সরকারের নিমক হালালী করছে। তারা সরকারি দলের সমর্থক প্রার্থীদের বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছে। সেজন্য গত নির্বাচনগুলোতে এতো সহিংসতার পরেও তারা বলছে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হচ্ছে। অপরদিকে বিরোধী দলের কোন অভিযোগই তারা আমলে নেয় না। বিশেষ উদ্দেশ্যে নির্বাচনের আগের দিন পুলিশ সুপারের রদবদল করা হয়েছে। গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ ীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রীফিং-এ তিনি এসব অভিযোগ করেন। আজ অনুষ্ঠেয় নির্বাচনে সহিংসতার আশংকা ব্যক্ত করে রিজভী আহমেদ বলেন, সরকার দেশের বিভিন্ন স্থানে যেভাবে তাণ্ডব চালাচ্ছে, বিরোধী নেতাকর্মীদের নির্যাতন, বাড়িঘরে হামলা, মামলা গ্রেফতারসহ নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে তাতে আজকের নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা আন্দাজ করা যাচ্ছে। কারণ ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় সরকার সমর্থক প্রার্থীরা নিজেদের বিজয়ী ঘোষণা করছে এবং ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখাচ্ছে। তিনি বলেন, নির্বাচনে ফল নিজেদের ঘরে আনতে সরকারের নীলনকশার বাস্তবায়ন শুরু হয়েছে। বিভিন্ন স্থানে সরকারের পছন্দমতো প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। প্রশাসনকে দলীয় কর্মীর মতো ব্যবহার করা হচ্ছে। র্যাব পুলিশ দিয়ে বাড়ি বাড়ি তল্লাশীর নামে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এছাড়া নির্বাচনী আচরণবিধি লংঘন করে মন্ত্রী, এমপিরা এলাকায় প্রভাব বিস্তার করছে। ব্রীফিং-এ দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রেফতারে আন্দোলন থামবে না : নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভবিষ্যতে বিরোধী দলের নেতাকর্মীদের আরও বেশি সংখ্যায় গ্রেফতারের ষড়যন্ত্র চলছে। গ্রেফতার করে আন্দোলন থামানো যাবে না। আন্দোলন আরো তীব্র হবে। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। নজরুল বলেন, শুনতে পাচ্ছি আরও বেশি খারাপ সময় আসছে। বিরোধী দলের নেতাকর্মীদের আরও গ্রেফতার করা হবে। কিন্তু আমরা বলে দিতে চাই, যত গ্রেফতার করবেন ততই মানুষ ফুঁসে উঠবে।