কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে শুক্রবার রাতে এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম আবদুর রহিম (৭০)। তিনি কিশোরগঞ্জ সদর থানার অষ্ট গরিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে। কারা সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে আব্দুর রহিমের বুকে ব্যথা অনুভব হয়। পরে তাকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুর রহিম খান একটি হত্যা মামলার মৃত্যু দণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে কাশিমপুর কারাগারে বন্দী ছিলো বলে জানা গেছে। ২০১২ সালের ২৪ এপ্রিল এ কারাগারে আসেন। কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।