‘ইসলামী আইন বাস্তবায়ন করতেই হেফাজতে ইসলামের জন্ম’
প্রকাশ : ২২ মার্চ ২০১৪, ২৩:০২
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব বলেছেন, যারা টিভি চ্যানেলে রাতের বেলায় টক শো করে বলে ‘ইসলামকে আল্লাহ রক্ষা করবে’ তারা মূলত নাস্তিক কমিউনিস্টদের পক্ষে সাফাই গাইছে। ইসলাম রক্ষা করতে যদি মুসলমানরা আন্দোলন না করতো তাহলে এতদিনে ইসলাম বিলুপ্ত হয়ে যেত। তিনি আরো বলেন, ইসলামী আইন বাস্তবায়ন করতেই হেফাজতে ইসলামের জন্ম হয়েছে। এর পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য কিংবা কাউকে ক্ষমতায় আনার ইচ্ছে নেই।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকাতে জামিয়া আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে দুইদিনব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় দেওভোগ মাদ্রাসার প্রিন্সিপল আজিজুল হক, ইসলামী ঐক্যজোট নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।