জাবি শিক্ষার্থী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে। আহত আজিজুর রহমান শিশির বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের ছাত্র। গতকাল শনিবার ভোর ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ডেইরি গেটে এ ঘটনা ঘটে। গ্রামের বাড়ি পাবনা থেকে এসে ক্যাম্পাসের সামনে নামলে ডেইরী গেটে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে ছিনতাইকারীরা। এ সময় তার সাথে থাকা ভর্তি ইচ্ছুক এক শিক্ষার্থীও আহত এবং তাদের কাছ থেকে দুইটি মোবাইল সেট ও ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। আহত অবস্থায় শিশিরকে সাভারের এনাম মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম, প্রোভিসি অধ্যাপক আবুল হোসেন হাসপাতালে যান এবং তার চিকিত্সার ব্যয়ভার বহনের আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, আহত শিক্ষার্থীর চিকিত্সার্থ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।