নিঝুম দ্বীপের আশেপাশের চর এলাকা সম্ভাবনার নতুন বাংলাদেশ

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, নিঝুম দ্বীপ এবং এর আশপাশের চর এলাকা নিয়ে সম্ভাবনার এক নতুন বাংলাদেশ গড়ে উঠছে। এটিকে শুধু একটি দ্বীপ বললে ভুল হবে। এ দ্বীপের দক্ষিণ পাশের বঙ্গোপসাগর এলাকায় জেগে উঠছে বিশাল চর। তিনি বলেন, সুষ্ঠু রক্ষণাবেক্ষণের মাধ্যমে এ অঞ্চলকে সমৃদ্ধ করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। গতকাল শনিবার বাগেরহাট, মংলা, সুন্দরবনসহ উপকূলীয় এলাকার বিভিন্ন চর এবং বনাঞ্চল সী-প্লেন যোগে পরিদর্শন শেষে নিঝুম দ্বীপের নামার বাজারে এক সুধী সমাবেশে পরিবেশ ও বন মন্ত্রী এসব কথা বলেন। নিঝুম দ্বীপের কাছে সী-প্লেন থেকে নেমে স্পিড বোটে তিনি বঙ্গোপসাগরে জেগে ওঠা বিভিন্ন চর পরিদর্শন করেন। প্রায় দুই ঘন্টার পরিদর্শন শেষে তিনি নিঝুম দ্বীপে এসে নামেন। সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখার পাশাপাশি তিনি বন বিভাগের একটি রেস্ট হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, প্রধান বন সংরক্ষক মো:ইউনুছ আলী, উপকূলীয় বন সংরক্ষক দেওয়ান জাফরুল হাসান, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ, জেলা বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারি, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো:মইন, জাতীয় পার্টির জেপির নেতা এডভোকেট মিরন প্রমুখ উপস্থিত ছিলেন।