বিএনপি-জামায়াত জোট নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে :মতিয়া চৌধুরী
টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২২ মার্চ ২০১৪, ২৩:১৩
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষ না খেয়ে মরেছে এমন রেকর্ড এদেশের ইতিহাসে নেই। বিএনপি-জামায়াত জোট আওয়ামী লীগের উন্নয়নকে ম্লান করতে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।
গতকাল শনিবার বিকালে টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজ মাঠে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীদের সময়োপযোগী শিক্ষা গ্রহণ করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মো. আজমত উল্লা খান, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মোজাম্মেল হক। কৃষিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার কৃষক ও কৃষিবান্ধব সরকার। কৃষক ভাইদের কথা চিন্তা করে মাত্র ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার প্রচলন আওয়ামী লীগ সরকারই করেছে।