আ ন্ত র্জা তি ক ........................
ব্রিটেনে বিচারক পদে বাংলাদেশি মেয়ে!
প্রকাশ : ২৩ মার্চ ২০১৪, ১৯:৪৬
এই প্রথম কোনো বাংলাদেশি ব্রিটেনে বিচারক পদে নিয়োগ পেলেন। বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের স্বপ্নারা খাতুন ব্রিটেনের সার্কিট জাজ হিসেবে নিয়োগ পেয়েছেন। স্থানীয় সংসদ সদস্য ক্রিস গ্রেলিংগ-লর্ড চ্যান্সেলরের সুপারিশের ভিত্তিতে রাণী দ্বিতীয় এলিজাবেথ ব্যারিস্টার স্বপ্নারা খাতুনকে ব্রিটেনের সার্কিট জাজ হিসেবে নিয়োগ দেন। চলতি মাসেই এই নিয়োগ কার্যকর হবে। ব্যারিস্টার স্বপ্নারা খাতুন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাগ্রামের নিম্বর আলীর কন্যা। তিনি দীর্ঘদিন ধরে ব্রিটেনে বসবাস করছেন। শিক্ষাজীবনে অধ্যয়ন শেষে স্বপ্নারা খাতুন সাউথ ইস্টার্ন সার্কিট বেইসডের লন্ডন ফ্যামিলি কোর্টে জাজ হিসেবে কাজ করেন। সার্কিট জাজ পদবী ব্রিটেনে জেলা জাজের উপরে এবং আগামীতে পদোন্নতি পেলে ব্রিটেনের হাইকোর্টের জাজ হওয়ার সম্ভাবনাও রয়েছে তার। ব্যারিস্টার স্বপ্নারা খাতুনের চাচাতো ভাই প্রবাসী ছরওয়ার হোসেন জানান, ব্রিটেন প্রবাসীদের অধিকাংশই শ্রমিক হিসেবে কাজ করছেন। তবে স্বপ্নারা খাতুনদের মতো উচ্চশিক্ষিতরা সেদেশের উচ্চপর্যায়ে অবদান রেখে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।