কক্সবাজারে জেমস ও মাকসুদ
প্রকাশ : ২৩ মার্চ ২০১৪, ২০:৪২
বড় ধরনের কোনো উত্সব ছাড়া নগরবাউল জেমসের কনসার্ট বা লাইভ অনুষ্ঠান একেবারেই দেখা যায় না। তাই তার ভক্তরা সেইসব উত্সবের অপেক্ষায়ই থাকে। আসছে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে একটি লাইভ কনসার্টে অংশগ্রহণ করবেন নগরবাউল জেমস, সঙ্গে মাকসুদ থাকবেন তার ব্যান্ড মাকসুদ ও ঢাকা নিয়ে। কক্সবাজার সমুদ্র সৈকতে পারফর্ম করবেন তারা। তাদের সঙ্গে আরও পারফর্ম করবে সোলস, চিরকুট ও রেডিও অ্যাকটিভ। ‘সৈকতে গানে ভাসি’ শীর্ষক এই কনসার্ট সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। কক্সবাজারের লাবনী বিচে বিকাল ৪টায় শুরু হবে কনসার্ট। তার আগে সকাল থেকেই চলবে বিচ ভলিবল, মেলাসহ নানা আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নওশীন।